সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা নিশ্চিতের লক্ষ্যেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ক্ষমতাসীনদের ইঙ্গিতে প্রতিপক্ষ দমনকারী একটি হাতিয়ার থেকে উত্তরণের জন্য ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ গঠনের যে গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ করা হয়েছিল, তা উপেক্ষা করে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ–২০২৫ উপদেষ্টা পরিষদ কর্তৃক চূড়ান্ত অনুমোদন দেওয়ায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।শুক্রবার সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদে সকল রাজনৈতিক দলের সর্বসম্মতিতে অন্তর্ভুক্ত এবং টিআইবির ধারাবাহিক পরামর্শের পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট সম্মতি থাকা সত্ত্বেও চূড়ান্ত অধ্যাদেশে সেই সুপারিশ বাদ দেওয়া শুধু হতাশাজনকই নয়; বরং সরকারের ভেতরে সংস্কারবিরোধী শক্তির ষড়যন্ত্রের কাছে রাষ্ট্রসংস্কারের অভীষ্ট জিম্মি হয়ে পড়ারও ইঙ্গিত দেয়।টিআইবি প্রশ্ন তুলেছে—ঐকমত্য কমিশনের প্রধান এবং ১১টি সংস্কার কমিশন প্রতিষ্ঠার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান উপদেষ্টা কি দুদককে জবাবদিহির বাইরে রেখে দেশবাসীকে এ বার্তাই দিতে চাইছেন যে—রাষ্ট্রসংস্কার কেবলই ফাঁকাবুলি?
গত দুই দশকের অভিজ্ঞতা, অংশীজনের মতামত, আন্তর্জাতিক উত্তম চর্চা এবং বাংলাদেশের রাজনৈতিক–আমলাতান্ত্রিক বাস্তবতা বিবেচনায় দুদককে ক্ষমতাসীনদের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার ঠেকাতে ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ গঠনের সুপারিশ করা হয়েছিল—উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জন্মলগ্ন থেকে দুদক জনআস্থার ঘাটতিতে ভুগছে এবং স্বার্থান্বেষী মহলের ক্রীড়নক হয়ে প্রতিপক্ষকে হয়রানি ও ক্ষমতাসীনদের সুরক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতেই প্রস্তাবটি দেওয়া হয়েছিল। কমিটি কর্তৃক দুদকের কর্মকাণ্ডের ষাণ্মাসিক পর্যালোচনা, গণশুনানি ও পরামর্শের মাধ্যমে সংস্থাটিকে প্রকৃত অর্থে জবাবদিহিমূলক, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর করার যে কৌশলগত সুপারিশ করা হয়েছিল—তা অনুধাবনে সরকার ব্যর্থ হয়েছে। এটি রাষ্ট্রসংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য স্ববিরোধী ও সংস্কারবিরোধী এক নজির।’
তিনি আরও বলেন, ‘আরও হতাশার বিষয় হলো—নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী অন্তত সাতজন উপদেষ্টাও এ প্রস্তাবের বিরোধিতা করেছেন। অথচ জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত। জুলাই সনদ লঙ্ঘনের এমন নজির স্থাপনের আগে সরকার কি ভাবছে না—এর মাধ্যমে তারা নিজেরাই রাজনৈতিক দলগুলোকে সেই সনদ লঙ্ঘনে উৎসাহিত করছে? তাহলে এত রক্তক্ষয়ী আত্মত্যাগের উদ্দেশ্য কী ছিল? দুর্নীতির কার্যকর নিয়ন্ত্রণের পথ বন্ধ রেখে কীসের রাষ্ট্রসংস্কার?’
বিজ্ঞপ্তিতে টিআইবি আরও জানায়, যে খসড়া অধ্যাদেশটি তারা দেখেছিল—তা বিদ্যমান আইনের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হওয়ায় তারা সরকারকে সাধুবাদ জানিয়েছিল। তবে নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী চূড়ান্ত অধ্যাদেশ থেকে কেবল ওই সুপারিশই নয়, আরও কয়েকটি ঐকমত্য-নির্ভর গুরুত্বপূর্ণ কৌশলগত প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালকের মতে, এটি সরকারের ভেতরের স্বার্থান্বেষী ও প্রভাবশালী মহলের দুর্নীতি-সহায়ক এবং সংস্কারবিরোধী অবস্থানেরই বহিঃপ্রকাশ।